ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম বলেছেন, ঢাকা জেলায় যত খাস জমি বেদখল রয়েছে সেগুলো উদ্ধার করা হবে।বুধবার (৯ ডিসেম্বর) সকালে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম আরো বলেন, এখন মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সঠিক বিচার পাওয়ায় আদালতে কম যাচ্ছে। এতে মানুষের সময় অপচয় ও দুর্ভোগ কমেছে। এসময় তিনি উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে ইউপি সদস্যদের সাথে মত বিনিময়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর উপস্থিত ছিলেন।